রাজনীতি আকর্ষণ করে না ,এমন লোক দুর্লভ। অবশ্য সবাই সেটা স্বীকার করে, এ’কথাও বলা যায় না । আধুনিক অতিনব্য শিক্ষিতরা আবার এই অস্বীকারকে তদের স্টাইল বলে প্রমান করার কৃত্রিম চেষ্টায় ব্যাপৃত। একটা বয়ষের পর সব ‘সাধারণ’ বাঙ্গালী প্রথম যেটা বোঝার চেষ্টা করে তা হল রাজনীতি। আমি তার ব্যতিক্রম হব কেমন করে ! কারণ আমি কৃত্রিমতা বর্জিত এক শিক্ষিত বাঙ্গালি । অবশ্য জন্ম সুত্রেও এই পক্ষপাতিত্বের উত্তরাধিকারী আমি। তাই একটা বষসে “আধ-সিকি” রাজনীতি শেখার পর, নিজের মননে ভুল আর ঠিক অনুমান শুরু হয়ে যায়। নিজের অনুমানের প্রকাশ করাতেও কোন বাধা বাড়ী থেকে পাই নি, উপরন্তু হয়ত কিছুটা প্রশ্রয় পেয়েছি। তাই ভাবনা থেমে যাওয়ার পরিবর্তে, বলা যায়, বাড়তি গতি পেয়েছে। ভাবনার গতিপথে, নিজের প্রশয়ে বামপন্থীর ছাপটাই ক্রমেই দৃঢ থেকে দৃঢতর হয়েছে। নব্বই দশকের একেবারে গোড়ায় জন্মের সূত্রে, স্বাভাবিকভাবেই শাসক, দল, আর মতাদর্শকে আর আলাদা করা হয় নি। ভালো মন্দের তাত্ত্বিক বিশ্লেষণের উপযুক্ত পারদর্শিতা না থাকলেও, বিশ্বাস আর আস্থাটা ছিল একান্ত নিজস্ব। সেই প্রসঙ্গেই “আগের” আর “এখনকার” লক্ষণ রেখা প্রায়ই চলে আসে আলোচনায়। জন্মের পর প্রথম দুই দশক ছিল, ছাত্র জীবনের প্রথম দিক, আর বর্তমান দশকের গোড়া থেকে শুরু হয়েছে ছাত্র জীবনের চূড়ান্ত দিক বা পর্ব। এখন মনে হচ্ছে “বিশ্বাসের” সঙ্গে “পারদর্শিতা”-র কিছুটা মেল বন্ধন ঘটেছে। বুঝতে পারছি, আমরা কোথায়, কেন এবং কি-ভাবে আছি বা থাকছি।গত দশকের শেষের দিকে, কেন জানি মনে হচ্ছিল, ‘বিশ্বাসের ‘ আকাশে ঘুড়ি উড়লেও, সুতো ধরার পারদর্শিতায় কোথায় যেন টান পড়ছে। মানতে চাই নি কথাটা, ভেবেছিলাম “লাটাই” ঠিক হাতেই ধরা আছে। তারপরেই সব উল্টে গেল পাল্টে গিয়ে। বিশ্বাসের ঘুড়ি গোঁত্তা খেয়ে পড়ল মাটিতে। সময়ের দিক থেকে তখন নতুন দশকে সবে পৌছিয়েছি।
গত দশকের শেষের দিকে পাল্টে যাওয়ার আভাস কেন্দ্রীয় স্তরে স্পস্ট পাওয়া গেল। কোথায় যেন “পার” মানবিক অবোধ্যতার ধোঁয়া দেখা গেল। সেই ধোঁয়া কালক্রমে “সিঙুর” রঙে সিক্ত হয়ে আচ্ছন্ন করে দিল আমার রাজ্যকে। সময়টা বর্তমান দশকের একেবারে গোড়া। প্রবেশ করলেন তীব্র বামবিরোধীতার প্রত্যয় নিয়ে নতুন নেতৃত্ব। সঙ্গে ছিল অতি ডান আর ধর্ম নিরপেক্ষ ডান শক্তির সহায়তা। জনস্রোতের মধ্যে দিয়ে হেঁটে যখন রাইটার্সে ঢুকলেন তখন স্বপ্ন দেখতে চেয়েছিলাম নতুন গণতন্ত্রের। জানতাম না এ-ভাবেই মৌলবাদের উদ্ভব হয়। এ-ভাবেই গণতন্ত্রের মোড়কে ঢাকা থাকে “আমলাতান্ত্রিক স্বৈরতন্ত্র”। তার প্রয়োজনে হাঁটা বাদ পড়ে, ডান-শক্তি সরে যায়, হাতে পড়ে থাকে রূমাল। সেটা ব্যাগে ঢোকালে, ব্যাগ থেকে বেরিয়ে আসে “বিড়াল”। ব্যাগ থেকে বেরিয়ে বাঘের মাসির হাতে উঠল বন্দুক, হয়ে গেল বাঘ। তর্জন গর্জনে চাপা পড়ে গেল, জন-কলরব। শব্দ উঠল বাইকের গর্জনের। শুনলাম ভিতরে হচ্ছে গণতন্ত্রের শ্রাদ্ধ। শ্রাদ্ধের “নব অন্নের” ভোজ পাতে প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে “বামাতঙ্কে” ভীত মন্ত্রীবর্গ ,আর তার পিছনে তাদের রক্ষাকর্তা আমলাবর্গ। সিংহাসনে আসীন রাণির কানে বাম শব্দের আওয়াজ যদি যায় তাহলেই ইঁটের পাঁজার ইঁট খসে যাবে আর রাণির ঘুম ভেঙ্গে যাবে।
রাণি এক কাজ করুন, ‘ ইঁটের পাঁজার সিংহাসনে বসে “বামভাজা খান”, কিন্তু গিলবেন না। গিললে (ভাইরাস আছে ত’) হজম করতে পারবেন না। অম্লশূল- এ ব্যাথা পাবেন’।
পুনশ্চঃ- শুনলাম রাণীকে দেখার লোক কম পড়েছে। তাই বাইরে থেকে লোক এনে অতিথিশালা ভরতে হচ্ছে।